আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর অবস্থান নিয়েছে সরকার। পরীক্ষা আয়োজন থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ টাউনহল মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, কোনো অবস্থাতেই পরীক্ষার মান ও মূল্যায়নের ক্ষেত্রে আপস করা হবে না।
তিনি বলেন, পরীক্ষার্থীদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। খাতা মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ মতবিনিময় সভায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড-এর কেন্দ্র সচিবরা অংশ নেন। সভায় পরীক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসনিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
