ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, রাশিয়ার সঙ্গে তেহরানের সামরিক সহযোগিতা দীর্ঘদিনের এবং এটি এখনো অব্যাহত রয়েছে। তিনি এই সম্পর্ককে দুই দেশের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব হিসেবে উল্লেখ করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল-জাজিরা।
সাক্ষাৎকারে রাশিয়ার কাছ থেকে ইরান কোনো ধরনের সহায়তা পাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, দুই দেশের মধ্যে বহু বছর ধরেই সামরিক সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের একটি কৌশলগত অংশীদারত্ব রয়েছে। এই সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। এটি গোপন কোনো বিষয়ও নয়। অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
রাশিয়া ইরানকে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করছে কি না—এমন প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তার কাছে বিস্তারিত সামরিক তথ্য নেই। তবে তিনি বলেন, তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্ক অত্যন্ত দৃঢ়।
