জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।
রোববার (৮ মার্চ) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের অনুমতি ছাড়াই স্বপ্রণোদিত হয়ে এই মামলা করায় আশরাফুল ইসলাম দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মনে করছে দলটি। এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।
এর আগে একই দিন সকালে আশরাফুল ইসলাম ঢাকার আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হন। পরবর্তীতে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।
এ ঘটনায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত মানহানি, ভয়ভীতি প্রদর্শন ও অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, গত ৫ মার্চ ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্য ভাইরাল হয়। এতে তার মানসম্মান ক্ষুণ্ন হয়েছে এবং রাজনৈতিক সুনাম নষ্ট করার উদ্দেশ্যে এসব বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
