দীর্ঘমেয়াদি সংঘাতের মুখে আত্মরক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
লারিজানি বলেন, গত তিন শতকে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী কেবল আত্মরক্ষার প্রয়োজনেই পদক্ষেপ নিয়েছে। তার ভাষায়, ইরান নিজেদের স্বার্থ ও ছয় হাজার বছরের সভ্যতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং শত্রুপক্ষকে তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘস্থায়ী যুদ্ধেও আত্মরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এবং দেশটি অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে আছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলাদা এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরু করলেও এর সমাপ্তির সময় ও পদ্ধতি নির্ধারণ করবে ইরান।
আরাঘচি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিমাঞ্চলে সামরিক ব্যর্থতা বিশ্লেষণ করে ইরান প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে। তার মতে, রাজধানী তেহরানে বোমাবর্ষণ হলেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় প্রভাব ফেলবে না। বিকেন্দ্রীভূত ‘মোজাইক প্রতিরক্ষা’ কৌশল দেশটিকে সংঘাতের সময় ও পরিণতি নির্ধারণে সক্ষমতা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
