ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একইসঙ্গে সরাসরি অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হটলাইন নম্বর চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এলাকায় কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা যেকোনো ধরনের অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা এখন থেকে ০১৫৫২-১৬১৬১৬ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তার লক্ষ্য নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। হটলাইনের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ তিনি নিজে তদারকি করবেন বলেও জানান।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সরাসরি যোগাযোগের এই ব্যবস্থা চালু হওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
