ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ।
শনিবারের এই হামলার তথ্য নিশ্চিত করে সৌদি আরব কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আক্রমণকে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো লক্ষ্য করে চালানো এই মিসাইল হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।
বিবৃতিতে সৌদি আরব স্পষ্ট করেছে, দেশের নিরাপত্তা, ভূখণ্ড এবং নাগরিকদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে একযোগে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এর পাল্টা জবাবে ইরান ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে, যার অংশ হিসেবে সৌদি আরবে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতেও আঘাত হানে তেহরান।
আল আরাবিয়ার বরাত দিয়ে এই সংঘাতের খবরটি নিশ্চিত করা হয়েছে।
