
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি শীর্ষ পদ—ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—সবগুলোতেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর ফলে এই তিন পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা পরাজয়ের মুখে পড়েছেন।
৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম মোট ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭৬ ভোটের ব্যবধানে ভিপি পদে বিজয়ী হন রিয়াজুল ইসলাম।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। প্রায় ৩ হাজার ২৬৭ ভোটের বড় ব্যবধানে এই পদে জয় নিশ্চিত করেন আরিফ।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিলের প্রাপ্ত ভোট ছিল ৩ হাজার ৯৪৪। এতে ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে মাসুদ রানা বিজয়ী হন।
উল্লেখ্য, একাধিকবার পেছানো ও স্থগিতের পর গত মঙ্গলবার বহুল আলোচিত জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটারদের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ছিলেন ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি কেন্দ্র নির্ধারিত ছিল হল সংসদের জন্য।
