ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তারেক রহমান ও পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয়টি বিএনপির ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে জানানো হয়েছে।
বিকেল সোয়া চারটার দিকে পাকিস্তানি হাইকমিশনার গুলশান কার্যালয়ে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাঁকে স্বাগত জানান।
দলীয় সূত্র জানায়, বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়। উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
