ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (NYPD) কর্মকর্তা দিদারুল ইসলাম। তিনি হামলার সময় দায়িত্ব পালন করছিলেন। খবর এনবিসি নিউজের।
স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সকালে ম্যানহাটনের মধ্যাঞ্চলের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ৫১তম স্ট্রিট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হামলায় নিহত পাঁচজনের মধ্যে হামলাকারী, একজন পুলিশ কর্মকর্তা এবং তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, “অফিসার দিদারুল ইসলাম ছিলেন দায়িত্বশীল, সাহসী এবং সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধ একজন পুলিশ সদস্য। তিনি নিউইয়র্কবাসীদের জীবন রক্ষায় আত্মত্যাগ করেছেন। আমরা তাকে কখনও ভুলব না।”
৩৬ বছর বয়সী দিদারুল ইসলামের স্ত্রী গর্ভবতী বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই খবর শোকাহত করে তুলেছে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিকেও।
এদিকে পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারীকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর সে নিজেই আত্মহত্যা করেছে। তার নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিসচ এক্সে দেওয়া পোস্টে জানান, “ঘটনাস্থলে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।”
এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি, তবে ঘটনার পেছনে সম্ভাব্য কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন দিক থেকে বিষয়টি খতিয়ে দেখছে।
এই হামলা যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার নতুন এক ট্র্যাজেডি হিসেবে দেখা হচ্ছে। বিশেষত, পুলিশ কর্মকর্তাদের ওপর আক্রমণের ঘটনা স্থানীয় প্রশাসন ও কমিউনিটিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
