‘জনস্বার্থে’ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন-আতিকা ইসলাম – সংযুক্ত: ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়, মাহবুব আলম – সংযুক্ত: রেলওয়ে পুলিশ, ঢাকা, মনির হোসেন – সংযুক্ত: শিল্পাঞ্চল পুলিশ, এ কে এম নাহিদুল ইসলাম – সংযুক্ত: পুলিশ টেলিকম, ঢাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘জনস্বার্থে’ এ চার কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা সংশ্লিষ্ট বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সরকার সময় সময়ে জনস্বার্থে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে থাকে। তবে এবার একসঙ্গে চারজন ডিআইজিকে এ ধরনের সিদ্ধান্তের আওতায় আনা নিয়ে প্রশাসন ও পুলিশের অভ্যন্তরে আলোচনা তৈরি হয়েছে।
