ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী লড়াই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব।”
সোমবার (২৮ জুলাই) বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। প্রায় ৪০ মিনিটব্যাপী এ বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে চলমান শুল্ক আলোচনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ট্রেসি অ্যান জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ প্রকাশ করেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই রূপান্তর চূড়ান্ত রূপ পাবে।
প্রধান উপদেষ্টা বৈঠকে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত কমিশনের অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি জানান, কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কার নিয়ে ঐক্য গঠনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, কমিশন খুবই ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা কঠোর পরিশ্রম করছেন।”
