রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে ব্যবসায়ী মো. সোহাগকে নৃশংসভাবে পাথর ছুড়ে হত্যা ও বিএনপির সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় হল পাড়া থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীরা সোহাগ হত্যার তীব্র নিন্দা জানিয়ে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “গত পরশু সোহাগকে হত্যা করা হলেও আজ ভিডিও সামনে এসেছে। পাথর মেরে হত্যা করার পর লাশের ওপর নৃত্য করা হয়েছে, এটা যেন আইয়্যামে জাহেলিয়াতের সময়ের চিত্র। এক ব্যবসায়ী চাঁদা দিতে রাজি না হওয়ায় বিএনপি, বিশেষ করে যুবদলের নেতাকর্মীরা এই নৃশংসতা চালিয়েছে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর আমরা দেশকে গোছাতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো এখন সবচেয়ে বড় বাধা। দেশজুড়ে বিএনপি-নেতাকর্মীদের দ্বারা খুন, ধর্ষণ ও চাঁদাবাজি চলছে। এমন হত্যাকাণ্ডের পর লন্ডন থেকে ফোন আসে, ‘বোন, আমি তারেক বলছি।’ আমরা আবারও জাহেলিয়াতের যুগে ফিরে যাচ্ছি কি?”
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “বিএনপি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। ১৬ বছর ধরে তারা নিজেদের ‘মজলুম’ হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু যখন মজলুমরা জালিম হয়ে ওঠে, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে।”
তিনি আরও বলেন, “এই দশ মাসে বিএনপি শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এসবের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। একইসঙ্গে আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না।”
