কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নীলা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট বোন নীহা আক্তার (১৭) নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় তাদের মা নীপা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নীলা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিখোঁজ নীহা আক্তার তারই ছোট বোন।
স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদে ভাঙন রোধে দক্ষিণ চরটেকি এলাকায় একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। প্রতিদিন অনেকেই সেখানে ঘুরতে যান। শুক্রবার বিকেলে বেড়িবাঁধ দেখতে নৌকায় ওঠেন নীপা আক্তার ও তার দুই মেয়ে। ঘুরতে গিয়ে হঠাৎ দুর্ঘটনার শিকার হন তারা।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ খালিদ জানান, খবর পেয়ে দ্রুত ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ নীহার সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
