ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দলটির সদ্য অব্যাহতি পাওয়া সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, “সাহস থাকলে কাউন্সিল করুন, আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব।”
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘একাত্মতা প্রকাশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও জানান, তার প্যানেল থেকে মহাসচিব প্রার্থী হবেন এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আনিসুল ইসলাম বলেন, “অনেক কষ্টে জাতীয় পার্টিকে গড়ে তুলেছি। এখন এটি যেন মুসলিম লীগ বা জাসদের মত অতীত হয়ে না যায়, সেই চেষ্টাই করছি।”
অনুষ্ঠানে জি এম কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাপা প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি নুরুল ইসলামসহ অনেকেই আনিসুল ইসলামের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
মহাসচিব পদে বহিষ্কৃত মুজিবুল হক চুন্নু বলেন, “জি এম কাদের বেআইনিভাবে আমাদের ১১ জনকে অব্যাহতি দিয়েছেন, যা আমরা মানি না।”
রুহুল আমিন হাওলাদার বলেন, “জাতীয় পার্টিকে কোনো সিন্ডিকেটে বন্দি রাখা যাবে না। এটি একটি দল, ভাঙা নয়।”
লিয়াকত হোসেন খোকা অভিযোগ করেন, “দলকে ঐক্যবদ্ধ রাখার বারবার চেষ্টা করেও জি এম কাদেরকে বোঝানো যায়নি।”
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে জাতীয় পার্টি নেতৃত্ব সংকটে পড়ে। দলীয় সম্মেলনকে কেন্দ্র করে বিভাজন আরও স্পষ্ট হয়েছে। ২৮ জুনের জাতীয় সম্মেলন স্থগিত হওয়ার পর গত ৭ জুলাই জি এম কাদের আনিসুল ইসলাম ও রুহুল আমিন হাওলাদারসহ কয়েকজন শীর্ষ নেতাকে অব্যাহতি দেন এবং শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব করেন।
