ছবি: সংগৃহীত
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানে কমপক্ষে ১২ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার (১০ জুলাই) ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের বাসিজ মিডিয়া ইউনিট এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানি পক্ষের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মিডিয়া অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে, যাতে ‘সত্যের কণ্ঠস্বর’ নীরব করা যায় এবং প্রতিরোধ ফ্রন্টকে দমন করা হয়।
গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলি আক্রমণে সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাসহ উত্তর তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রেও হামলা চালানো হয়। এতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত সাধারণ মানুষ প্রাণ হারান।
ইরানি সরকারি হিসাব অনুযায়ী, মোট প্রাণহানির সংখ্যা ১,০৬০ জন ছাড়িয়েছে।
অন্যদিকে, ইরানের প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে, এবং আহতদের অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।
