ছবি- সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে আহত হয়েছেন ইমন হাওলাদার নামে এক যুবক, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন। তিনি জানান, “কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে।”
এই ঘটনার আগে ২ জুলাই দিবাগত রাতে একই স্থানে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও কয়েক দিন আগেই দুর্বৃত্তরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল ছোড়ে।
এনসিপি নেতারা একে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের দাবি তুলেছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে হামলার পেছনে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
