মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে ইসরায়েল। আজ বুধবার বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে বলেন, তাঁর প্রতিনিধিরা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে “দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক” করেছেন। তিনি লিখেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে রাজি হয়েছে, এবং এই সময়ে সব পক্ষের সঙ্গে একসঙ্গে কাজ করে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করা হবে।
ট্রাম্প জানান, যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার ও মিশর হামাসের কাছে “চূড়ান্ত প্রস্তাব” পৌঁছে দেবে। তিনি হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য এই চুক্তি গ্রহণ করা উচিত, কারণ এর চেয়ে ভালো কোনো সমাধান সম্ভব নয়, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আশা প্রকাশ করেন, “আগামী সপ্তাহেই” গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হবে।
তিনি আরও জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজা সংকট এবং ইরান ইস্যু নিয়ে আলোচনা হবে। ট্রাম্প বলেন, “তিনি (নেতানিয়াহু) এখানে আসছেন। আমরা অনেক বিষয়ে কথা বলব। ইরান ইস্যুতে আমাদের পূর্বের সফলতা, সেই অভিজ্ঞতাও শেয়ার করব… পাশাপাশি গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।”
