ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ।
জাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক–এর তথ্য অনুযায়ী, আজ সোমবার সকালে নিমিটজ দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিমমুখী পথে অগ্রসর হয়।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়মিত সামরিক উপস্থিতির অংশ হিসেবে ইউএসএস নিমিটজ গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে সমুদ্র নিরাপত্তা মিশন পরিচালনা করেছে।
সাধারণ সূচি অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে রণতরিটি ভিয়েতনামের ডানাং বন্দরে নোঙর করার কথা ছিল। তবে এই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন হ্যানয়ে অবস্থানরত একজন কূটনীতিকসহ দুটি সূত্র। এক সূত্র জানিয়েছে, “সামরিক প্রয়োজনে” ইউএসএস নিমিটজের ভিয়েতনাম সফর স্থগিত করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে তাকে জানানো হয়েছে।
মেরিন ট্রাফিকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, বিমানবাহী রণতরিটি পশ্চিমমুখী গতি নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান জোরদার এবং ইরান–ইসরায়েল উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতির একটি অংশ বলেই বিশ্লেষকরা মনে করছেন।
