ইরানের রাজধানী তেহরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে দেশটি দাবি করে, তেহরানের আকাশসীমা তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। খবর আল-জাজিরা ও তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।
আল-জাজিরা জানিয়েছে, ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।
এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, তেহরানের পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েল হামলা চালিয়েছে, যা তাদের মতে ‘যুদ্ধাপরাধের শামিল’।
এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ‘ইরানের বিজয়ের দ্বারপ্রান্তে’ রয়েছে ইসরায়েল, কারণ তেহরানের আকাশ এখন ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে।
গত শুক্রবার একযোগে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল, যা থেকে এই উত্তেজনার সূত্রপাত। এর পাল্টা জবাবে ইরানও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।
অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ দাবি করছে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি দ্রুত শান্ত না হলে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
