পাকিস্তান ইরানের সঙ্গে সংযুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর দিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে জানিয়েছেন, বেলুচিস্তানের চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার। এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এই পাঁচ জেলা ইরানের সঙ্গে সীমান্তবদ্ধ।
চাগাই জেলার একটি সীমান্ত চৌকির কর্মকর্তা আতাউল মুনিম জানান, ইরানে যাতায়াত আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম চালানোর ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এছাড়া ইরানে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা যখনই চাইবেন নিজ দেশে ফেরত আসতে পারবেন, কোনো বাধা থাকবে না।
আতাউল মুনিম আরও জানান, আজ প্রায় ২০০ পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফেরার কথা রয়েছে।
