ছবি: সংগৃহীত
ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়েছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটিতে ২৪২ আরোহী ছিলেন। আজ বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে উড্ডয়নের পর কয়েক মিনিটের মাথায় এটি আহমেদাবাদের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
ঘটনাটিকে ঘিরে গুরুত্বপূর্ণ ১০টি তথ্য:
১. উচ্চতা হারিয়ে বিধ্বস্ত
বিমানটি উড্ডয়নের পর ৮২৫ ফুট উচ্চতায় উঠেছিল। এরপর আচমকা উচ্চতা হারিয়ে দ্রুত নিচে নেমে যায় এবং আবাসিক এলাকায় আছড়ে পড়ে।
২. এয়ার ইন্ডিয়ার বিবৃতি
এয়ার ইন্ডিয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে। বলা হয়েছে, “ফ্লাইট এআই১৭১ আজ ১২ জুন আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক রুটে দুর্ঘটনার শিকার হয়েছে। বিস্তারিত যাচাই চলছে।”
৩. দুর্ঘটনাস্থলের চিত্র
প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমের প্রকাশিত ছবি-ভিডিওতে দেখা যায়, আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী। আগুনের শিখা ও ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীরা কাজ করছেন।
৪. আরোহীর সংখ্যা ও পরিচয়
বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল, সহকারী হিসেবে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার।
৫. উদ্ধার তৎপরতা
দুর্ঘটনাস্থলে অন্তত ২০টি অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।
৬. নিরাপত্তা ব্যবস্থা
বিমানবন্দর ও আশপাশের এলাকায় সাধারণ চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়েছে। বিকল্প রুটে ট্র্যাফিক পরিচালনা করা হচ্ছে।
৭. সরকারের প্রতিক্রিয়া
ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, “আমি ব্যক্তিগতভাবে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছি। যাত্রী ও তাঁদের পরিবারের পাশে আছি।”
৮. গ্যাটউইক বিমানবন্দরের বক্তব্য
লন্ডন গ্যাটউইক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, “বিধ্বস্ত বিমানটি আমাদের সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল।”
৯. টাটা গ্রুপের বিবৃতি
এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন গভীর শোক প্রকাশ করে বলেন, “এটি আমাদের জন্য একটি শোকাবহ দিন। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি।”
১০. সহায়তা কেন্দ্র চালু
দুর্ঘটনাগ্রস্ত যাত্রী ও তাঁদের পরিবারের জন্য জরুরি সহায়তা কেন্দ্র এবং বিশেষ সহায়তা দল গঠন করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে।
এ দুর্ঘটনায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে।
