বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবখানে জামায়াতের জয়ের হাইপ বা জোয়ার তোলা হয়েছিল। আমাকেও হারিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ ভুল করেনি। বিএনপিকে বেছে নিয়েছে, বিএনপি উদার গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়।
বৃহস্পতিবার (৪ জুন) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে এমন একটি ধারণা তৈরি করা হয়েছিল যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। কিন্তু জনগণ সেই প্রচারণায় প্রভাবিত হয়নি। তার ভাষায়, বিএনপি একটি প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং দলটি উদার গণতন্ত্রে বিশ্বাস করে। এ কারণেই জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে।
তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য দেশে উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং কোনো ধরনের বিভাজন সৃষ্টি না করে বাংলাদেশের মূল চেতনাকে শক্তিশালী করা। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের কথা উল্লেখ করেন।
আলোচনা সভায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য একটি স্বতন্ত্র জাতীয় পরিচয়ের ভিত্তি গড়ে তুলেছিলেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি নিজেও সেই সময়ের ঘটনাপ্রবাহ কাছ থেকে দেখেছেন। পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করার অভিজ্ঞতা তার রয়েছে। এজন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অন্য কোনো যুদ্ধের সঙ্গে তুলনা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
