ছবি: সংগৃহীত
আজ বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। স্থানীয় সময় দুপুরে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পরই উড়োজাহাজটি শহরের মেঘানি নগর এলাকার একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়।
এআই১৭১ নম্বর ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গিয়েছিল। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজটিতে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ৫৩ জন যুক্তরাজ্যের, ১৬৯ জন ভারতের, একজন কানাডার এবং সাতজন পর্তুগালের নাগরিক বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
দুর্ঘটনার পরপরই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এখনো হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। যে ভবনের ওপর উড়োজাহাজটি ভেঙে পড়ে, সেখানে কেউ হতাহত হয়েছেন কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিমানটিতে প্রধান পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল এবং সহকারী পাইলট ক্লাইভ কুন্ডার। প্রাথমিক তথ্যে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে পাইলট দ্রুত নিচে নামার চেষ্টা করেন এবং তখনই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যথাসময়ে সর্বশেষ তথ্য জানানো হবে।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই সাংবাদিকদের জানিয়েছেন, উড়োজাহাজটি মেঘানি নগরের ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, উড়োজাহাজে থাকা মোট আরোহীর সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল।
