ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বাণিজ্যিক জাহাজ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকালে পারসিয়ান কাউন্টির বুস্তানো গ্রামের জাওয়াদ আল-আইম্মাহ ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে, যার ফলে বেশ কয়েকটি জাহাজ সম্পূর্ণভাবে দগ্ধ হয়।
ঘটনার পরপরই উদ্ধার ও দমকল বাহিনী সক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মেহরদাদ হাসান-জাদে জানান, স্থানীয় সময় সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
তিনি জানান, পার্শ্ববর্তী ফারস ও বুশেহার প্রদেশ থেকে অতিরিক্ত দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লামার্দ ও আসালুয়েহ শহর থেকে দমকল বাহিনীর যানবাহন, বুশেহার ও শাহিদ রাজায়ী বন্দরের অগ্নিনির্বাপক নৌকা এবং বন্দর লেঙ্গেহ, বস্তাক ও পারসিয়ানের উদ্ধারকারী দলগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
হাসান-জাদে আরও জানান, আগুন যেন বিস্তৃত না হয়, সেজন্য প্রাদেশিক সব লজিস্টিক ও জরুরি সেবা সক্রিয় রাখা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
