সৌদি আরব কর্তৃপক্ষ অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করা প্রায় ২ লাখ ৭০ হাজারের বেশি মুসল্লিকে মক্কায় প্রবেশের আগেই ফেরত পাঠিয়েছে। রবিবার (১ জুন) জানানো হয়, মক্কায় অননুমোদিত প্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার অতিরিক্ত ভিড় এবং গত বছরের তীব্র গ্রীষ্মের তাপদাহে মানুষের মৃত্যুর জন্য এই অননুমোদিত অংশগ্রহণকারীদের দায়ী করছে।
বর্তমানে মক্কায় ১৪ লাখ মুসল্লি অবস্থান করছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েক লাখ মুসল্লির আগমন প্রত্যাশিত।
সৌদি কর্তৃপক্ষ অনুমতি ছাড়া হজ পালনকারীদের জন্য ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা এবং নির্বাসনের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। এই নীতি সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী বাসিন্দাদের ক্ষেত্রেও প্রযোজ্য।
মক্কায় এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি জানান, নিয়ম অনুযায়ী শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরাই হজ পালন করতে পারবেন, এমনকি মক্কায় বসবাস করলেও অনুমতি নিতে হবে। তিনি বলেন, “হজযাত্রীরা আমাদের নজরদারীতে আছেন, যারা নিয়ম অমান্য করবেন তারা আমাদের হাতে ধরা পড়বেন।”
অন্যদিকে, হজ বিধি লঙ্ঘনের জন্য ইতিমধ্যে ২৩ হাজারের বেশি সৌদি বাসিন্দাকে জরিমানা করা হয়েছে এবং ৪০০টির বেশি হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে।
