টানা পরাজয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একের পর এক সিরিজ হার এবং বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতায় হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর দলের দুরবস্থা যেন স্পষ্ট হয়ে উঠেছে।
এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে এলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড সভাপতির দায়িত্ব নিয়ে জাতীয় দলের বর্তমান অবস্থা নিয়ে তিনি দিয়েছেন গুরুত্বপূর্ণ বার্তা, “দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন সময় সমালোচনা নয়, খেলোয়াড়দের উজ্জীবিত করার।”
এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আমিনুল বলেন, “পাকিস্তান সফর শেষে জাতীয় দল দেশে ফিরলে আমরা প্রথমে পারফরম্যান্স মূল্যায়নের কাজ করব। খেলোয়াড়দের ফিডব্যাক দেব, আলোচনা করব কোথায় কোথায় উন্নতির জায়গা রয়েছে। যেহেতু আমরা তিন ফরম্যাটেই খেলি, সব জায়গাতেই উন্নতির চেষ্টা থাকবে।”
হতাশাজনক পারফরম্যান্স নিয়ে তার পর্যবেক্ষণ, “একটি দলের পারফরম্যান্স কখনও উপরে ওঠে, কখনও নেমে যায়। আমাদের আগে জানতে হবে নিচে নামার কারণ কী। সেটা পরিষ্কারভাবে জানলে উন্নতির পথও সহজ হবে।”
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ বিষয়ে বিসিবির পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চেষ্টা করব অন্তত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে সেটা সম্ভব হবে দল গোছানো গেলে। আপনি দেখেছেন, আমরা আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এমনকি পাকিস্তানের কাছেও হেরেছি। এমন অবস্থায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সময় উজ্জীবিত হওয়ার।”
জাতীয় দলের দায়িত্ব নতুন করে নেওয়া বুলবুলের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস ও বাস্তবতার মিশেল। ব্যর্থতার গ্লানি পেছনে ফেলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে কি না টাইগাররা এখন সেদিকেই তাকিয়ে দেশের কোটি সমর্থক।
