প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে উল্লেখযোগ্য পদক্ষেপের ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। চিনি, সয়াবিন তেল, ধান, গম, আলু, পেঁয়াজসহ বহু পণ্যে দাম কমানোর লক্ষ্যে উৎসে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে প্রচারিত বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন তিনি। সংসদ না থাকায় এবারই প্রথম জাতীয় সংসদে না গিয়ে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বাজেট ঘোষণা করা হলো।
অর্থ উপদেষ্টা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করা হয়েছে। এই কর রাজস্ব আদায়ে বড় প্রভাব না রাখলেও, এক শ্রেণির ব্যবসায়ী তা অজুহাত হিসেবে ব্যবহার করে পণ্যের দাম বাড়িয়ে দেন। বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “এতে করে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, আটা, চিনি, তেল, লবণ, খেজুরসহ বহু পণ্যের দাম কমে আসবে। এতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।”
৫৪তম বাজেট হলেও এটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটের প্রস্তাবিত আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
সংসদ না থাকায় বাজেট নিয়ে কোনো পার্লামেন্টারি বিতর্ক হচ্ছে না। তবে বাজেট ঘোষণার পর জনমত সংগ্রহ করা হবে এবং সেই মতামতের ভিত্তিতেই বাজেটের চূড়ান্ত রূপ দেওয়া হবে। এরপর অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট কার্যকর হবে ১ জুলাই থেকে।
