তেহরান পারমাণবিক অস্ত্রকে ‘অগ্রহণযোগ্য’ মনে করে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (স্থানীয় সময়) এক টেলিভিশন ভাষণে আরাকচি বলেন, ‘যদি বিষয়টি পারমাণবিক অস্ত্রের হয়, তবে হ্যাঁ, আমরাও এই ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা এই বিষয়ে তাদের (পশ্চিমা বিশ্ব) সাথে একমত।’
ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অভিযোগ করে আসছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বহুপক্ষীয় পরমাণু চুক্তি বাতিল করেন। এর পর থেকে নতুন চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাঁচ দফা আলোচনা হয়েছে।
মূল বিরোধ তৈরি হয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র এই কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে বললেও, তেহরান বলছে এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (NPT) আওতায় তাদের বৈধ অধিকার।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমরা ইরানের সঙ্গে খুব ভালো কিছু আলোচনা করছি।’ তিনি জানান, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালাতে বলেছেন, কারণ এখনই তা উপযুক্ত সময় নয়।
উল্লেখ্য, গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার ঘটনা ঘটে। এরপর থেকে ইসরায়েল একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়ে আসছে।
ট্রাম্প বলেন, তিনি সামরিক পদক্ষেপের পথ পুরোপুরি খারিজ করছেন না, তবে প্রথমে কূটনৈতিক চুক্তি করার পক্ষে।
