প্রতীকী ছবি
বাগেরহাটের চিতলমারীতে নেশার টাকা না পেয়ে রাব্বি খাকী (২৫) নামে এক যুবক তার মা লাভলী বেগমকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের ১১ দিন পর শনিবার (৩১ মে) তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাভলী বেগম উপজেলার শান্তিখালী গ্রামের মৃত আনোয়ার খাকীর প্রথম স্ত্রী এবং চরচিংগড়ী গ্রামের মনছুর আলী শেখের মেয়ে। পরে তার দ্বিতীয় বিয়ে হয় বাগেরহাটের মনিরুজ্জামান নামে এক ব্যক্তির সঙ্গে। ওই ঘরে তার দুটি কন্যা সন্তান রয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশের খালের কচুরিপানার নিচে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
নিহতের বড় ভাই আফজাল শেখ জানান, গত ২০ মে রাতে পারিবারিক কলহের জেরে লাভলী বেগম ও তার ছেলে রাব্বির মধ্যে ঝগড়া হয়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ছেলে রাব্বি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই মায়ের কাছে টাকা দাবি করে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন তিনি।
ওসি শাহাদাৎ হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে রাব্বি পলাতক রয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে।
