ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের লোয়ার ওয়ানা তহসিলের বারমাল এলাকায় একটি ভলিবল মাঠে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি জানায়, মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় একটি প্রীতি ভলিবল ম্যাচ চলাকালে বিস্ফোরণ ঘটে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মাঠজুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। দর্শক ও খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হুলস্থুল ও বিশৃঙ্খলা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের পরপরই এলাকায় ভারি গুলিবর্ষণ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
আহত ১৭ জনকে দ্রুত উদ্ধার করে ওয়ানা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর পুরো বারমাল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিরাপত্তা শঙ্কায় ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয়রা বলছেন, বিস্ফোরণের পর তারা প্রচণ্ড শব্দ শুনেছেন এবং এলাকাজুড়ে নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং সম্ভাব্য হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। তবে এটি একটি পরিকল্পিত হামলা ছিল কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, দক্ষিণ ওয়াজিরিস্তান দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি তৎপরতার কারণে সহিংসতার জন্য পরিচিত একটি অঞ্চল। তবে একটি ক্রীড়াক্ষেত্রে এ ধরনের হামলা নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
