ইসরায়েলের চালানো বিমান হামলার পর কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র সম্প্রচার। তবে হামলার কিছুক্ষণ পরই টিভি সম্প্রচার পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।
রাজধানী তেহরানের আইআরআইবি ভবনে সরাসরি হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পরই টিভি চ্যানেলের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় জানানো হয়, “রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।”
আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি এক বিবৃতিতে বলেন, “ইরানের জনগণের শত্রু জায়নিস্ট শাসক কয়েক মিনিট আগে ইসলামি প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে।” তিনি আরও বলেন, “একটি সামরিক হামলা চালিয়ে ইসলামি বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না।”
হামলার সময় ও পরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘটনার কিছু সময় আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়ে বলেছিলেন, “ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে।” এএফপির খবরে বলা হয়, এই হুমকির পরপরই তেহরানে হামলা হয়।
