ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৬৩ জন আহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান দেশটির বিভিন্ন অঞ্চলে ১৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
শনিবার সকালে আহতদের মধ্যে একজন নারী মারা যান। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, শুক্রবার রাতে হামলার পর গুম ডান অঞ্চল থেকে জরুরি সেবার হটলাইন ১০২-এ প্রচুর ফোন আসে। বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনায় তেল আবিব এবং জামাত গান এলাকায় দমকল বাহিনী পাঠানো হয়।
বলা হয়েছে, তেল আবিবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার কিছু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জামাত গানেও কাঠামোগত ক্ষতি হয়েছে এবং অনেকে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) জানায়, আহতদের মধ্যে ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বেলিনসন হাসপাতালে চিকিৎসাধীন ১৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর, আর দুজন মাঝারি আঘাতপ্রাপ্ত। ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে ১৯ জনকে, যাদের মধ্যে চারজনের অবস্থা মাঝারি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের একাধিক দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর দেশজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। হামলার সময় বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়। আইডিএফের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে বেশ কয়েকটি বিস্ফোরণ লক্ষ্য করা গেছে।
