ছবি: সংগৃহীত
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের স্রোতের মধ্যে রাজধানীর গুলিস্তানে বাস কাউন্টারে যাত্রীদের ওপর হামলার ঘটনা চরম উত্তেজনা ও জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। সময়মতো বাস না ছাড়ার প্রতিবাদ করায় এই ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৪ জুন) রাত ৮টার একটি নির্ধারিত এসি বাস না আসায় গুলিস্তানের গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে উপস্থিত যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলে পরিবহনকর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে এসি বাসের পরিবর্তে নন-এসি বাসে যাওয়ার প্রস্তাব দিলে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
ঢাকা কলেজের ছাত্র মো. ইমন হোসেন জানান, “আমি আমার ফুপু ও দাদিকে বাসে তুলে দিতে এসেছিলাম। বাস না আসায় কাউন্টারে অবস্থান জানতে চাইলে কর্মীরা দায়িত্ব এড়িয়ে যায় এবং পরে আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।”
তিনি আরও জানান, আহত অবস্থায় তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশ সহায়তা চান এবং বংশাল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।
ঘটনাস্থলে থাকা যাত্রী রাসেদুল ইসলাম বলেন, “এ ধরনের হামলা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, এটি একটি ফৌজদারি অপরাধ। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন সহিংসতা আরও বাড়বে।”
অন্যান্য যাত্রীরাও এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, “ঈদের সময় যাত্রীসেবা নিশ্চিত করতে সরকারকে পরিবহন খাতে কঠোর নজরদারি ও জরুরি মনিটরিং সেল গঠন করতে হবে। নয়তো যাত্রাপথ আরও অনিরাপদ হয়ে উঠবে।”
পরিবহন খাতের নৈরাজ্য ও দায়িত্বহীনতা এই ঘটনার মধ্য দিয়ে ফের স্পষ্ট হলো। শুধু অতিরিক্ত ভাড়া আদায় নয়, এবার সহিংস আচরণের অভিযোগ উঠেছে—যা পরিবহন সেক্টরের নৈতিকতা ও পেশাদারিত্বে বড় প্রশ্ন তুলে দেয়।
জনস্বার্থে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে সচেতন মহল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।
