মহিলা আসন-৪ এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, ব্যাংক থেকে অর্থ আত্মসাৎকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয় এবং তাদেরকে ডিম থেরাপি দিয়ে এই টাকা আদায় করতে হবে।’
বুধবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
রেহানা আক্তার রানু বলেন, ব্যাংক লুটেরাদের পৃথিবীর যেখানেই পাওয়া যাক, তাদের দেশে ফিরিয়ে এনে জবাবদিহির আওতায় আনতে হবে এবং গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করতে হবে। তিনি একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরে বলেন, এক নারী তাকে ফোন করে জানিয়েছেন যে তিনি স্বপ্নে অর্থমন্ত্রীকে টাকা ফেরত দিতে দেখেছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আমানতকারীদের এই প্রত্যাশা বাস্তবে কতটা পূরণ হবে।
তিনি আরও বলেন, গত ৪ জুলাই চট্টগ্রামে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে গ্রাহকরা মানববন্ধন করে তাদের দাবি জানিয়েছেন, যা তিনি ইতিবাচকভাবে দেখছেন। প্রায় ৭৫ লাখ গ্রাহকের এই দাবি যৌক্তিক বলে উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ব্যাংকের অনিয়মের দায় কেন সাধারণ আমানতকারীদের বহন করতে হবে।
এর জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও সরকার এ বিষয়ে কাজ করছে। তিনি আশ্বস্ত করে বলেন, আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ সুদসহ ফেরত পাবেন এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ‘হেয়ার কাট’ করা হবে না। তবে ব্যাংকগুলোর বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে পুরো প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।
তিনি আরও জানান, আমানত সুরক্ষা আইনের আওতায় সুরক্ষার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি দায়ীদের শনাক্ত করতে ফরেনসিক অডিট চলছে এবং ব্যাংক রেজুলেশন আইনের ৫৭ ধারা অনুযায়ী তাদের দেশি-বিদেশি সম্পদ বিক্রির মাধ্যমে গ্রাহকের অর্থ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।
দেশইনসাইডার/আইএমআর
