ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার মাদরাসাগুলোতেও ‘বন্দে মাতরম’ গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এ সংক্রান্ত একটি প্রশাসনিক নির্দেশ জারি করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যের সব স্বীকৃত মাদরাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের এই গান গাইতে হবে। এর আগে একই ধরনের নির্দেশনা দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও গানটি বাধ্যতামূলক করা হয়। বৃহস্পতিবার (২১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মাদরাসা শিক্ষা দপ্তরের সর্বশেষ আদেশ অনুযায়ী, সরকারি, বেসরকারি এবং সরকার-অনুদানপ্রাপ্ত—সব ধরনের মাদরাসার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। প্রতিদিন সকালের সমাবেশ বা প্রার্থনার সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক অনলাইন পোস্টে জানান, পূর্বের সব নির্দেশনা বাতিল করে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যাতে স্কুল ও মাদরাসা—সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই নিয়ম অনুসরণ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘বন্দে মাতরম’ ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার প্রতীক ছিল। সম্প্রতি কেন্দ্রীয় সরকার গানটিকে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার পর বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে আসে।
এদিকে, তামিলনাড়ু ও কেরালাসহ ভারতের বিভিন্ন রাজ্যেও সরকারি অনুষ্ঠানগুলোতে ‘বন্দে মাতরম’ গাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কোথাও কোথাও এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা ও পাল্টাপাল্টি বক্তব্য দেখা যাচ্ছে।
দেশইনসাইডার/আইএমআর
