মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজার ছলে বলেছেন, ইসরায়েলে তিনি বেশ জনপ্রিয় এবং চাইলে ভবিষ্যতে দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচনে অংশ নিতে পারেন।
বুধবার (২০ মে) মার্কিন কোস্ট গার্ড একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা এতটাই বেশি যে সেখানে নির্বাচন করলে জেতাও সম্ভব।
তিনি আরও জানান, একটি সাম্প্রতিক জনমত জরিপে নাকি ইসরায়েলের প্রায় ৯৯ শতাংশ মানুষ তার প্রতি সমর্থন দেখিয়েছে। তবে ঠিক কোন জরিপের কথা তিনি বলেছেন, তা পরিষ্কার করেননি এবং হোয়াইট হাউস থেকেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মেয়াদে ক্ষমতায় রয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ট্রাম্প বরাবরই নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে ভালো আছেন এবং একজন ভালো মানুষ। তার মতে, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের স্বার্থ বিবেচনায় কাজ করেন।
এছাড়া ট্রাম্প নেতানিয়াহুকে একজন দক্ষ ‘যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান সংকটে তাকে যেভাবে মূল্যায়ন করা উচিত, তা হচ্ছে না বলে তিনি মনে করেন।
দেশইনসাইডার/আইএমআর
