ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ব্যক্তিগতভাবে নিজের বিয়ের দাওয়াত দেন এবং ড. ইউনূস তার নতুন জীবনের জন্য শুভ কামনা জানান।
সোমবার (১১ মে) সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, “জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স”-এ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে ড. ইউনূসের সঙ্গে তার ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে।
সাক্ষাৎকালে তিনি জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেন। পাশাপাশি জুলাই কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ, কনফারেন্স এবং ডাকসুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি।
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, তরুণদের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন ড. ইউনূস এবং তাদের ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে তিনি জানান, দেশের গণমানুষের প্রত্যাশিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ পথচলায় ড. ইউনূসের সহযোগিতা ও পরামর্শ চাওয়া হয়েছে।
এছাড়া ৫ আগস্ট পরবর্তী সংকটময় সময়ে দেশের দায়িত্ব গ্রহণ করায় দেশবাসীর পক্ষ থেকে ড. ইউনূসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
