হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে মন্তব্য করে বিএনপি নেতা রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগ সরকারের পতন নয়, বরং কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আলোচনায় রাশেদ খান বলেন, হাসনাত ও সারজিস শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের সফলতা চাইলেও সেটি গণঅভ্যুত্থানে রূপ নিক, তা চাননি। তার দাবি, ১৯ জুলাই তারা সরকারের মন্ত্রীদের সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন, যা সেই অবস্থানেরই প্রমাণ।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা হয়েছিল মূলত জুলাই আন্দোলনের সময়কার “দুর্বলতা” আড়াল করার জন্য।
রাশেদ খানের ভাষায়, ‘হাসনাত আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি যিনি জুলাই গণঅভ্যুত্থানে কী ধরনের নেতিবাচক ভূমিকা রেখেছেন সে বিষয়ে আসিফ মাহমুদের বইয়ে উল্লেখ করা আছে।’
তিনি দাবি করেন, ওই বইয়ে বলা হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে বঙ্গভবনের দিকে যাচ্ছিলেন। তখন আন্দোলনের অন্য নেতারা তাদের গাড়ি থেকে নেমে আসার আহ্বান জানান এবং না এলে “জাতীয় বেইমান” আখ্যা দেওয়ার কথাও বলা হয়েছিল বলে উল্লেখ করেন রাশেদ খান।
এ সময় তিনি আরও বলেন, এনসিপির ভেতরেও একসময় হাসনাত ও সারজিসকে ঘিরে নানা আলোচনা ও গুঞ্জন ছিল। যদিও বর্তমানে রাজনৈতিক বাস্তবতার কারণে সেসব বিষয় সামনে আসছে না বলে মন্তব্য করেন তিনি।
