জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণরায়ের ভিত্তিতে গঠিত সরকারকে দুর্বল করতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। তার দাবি, বিচার বিভাগকে পুনরায় দলীয় প্রভাবের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় দ্য কিং অব চিটাগাং কনভেনশন সেন্টারে আয়োজিত বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায়ের ভিত্তিতে যে সরকার গঠিত হয়েছে, সেই রায়কে বাতিলের চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায় বাস্তবায়ন করে নতুন বাংলাদেশের যাত্রা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামের স্থানীয় পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তার মতে, ঢাকাকেন্দ্রিক নেতৃত্বের বাইরে এসে স্থানীয় জনগণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং শ্রমজীবীদের পাশে দাঁড়াতে হবে।
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রোধে এনসিপি আপসহীন থাকবে। কোনো এলাকায় এমন কার্যক্রম শুরু হলে সেখানে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক ইস্যুতে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পরাশক্তির প্রভাব বা আধিপত্যবাদের বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট এবং সাম্প্রতিক কূটনৈতিক বিষয়গুলোতে জনগণের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, সে বিষয়ে সরকারের পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত।
