বরিশাল সফরের পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের একটি নিরাপত্তা যানবাহনে ইটের টুকরা আঘাত করার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা ৩৬ মিনিটের দিকে সদর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে বহরের কোনো গাড়ির যাত্রী হতাহত হননি।
ঘটনার পর বিষয়টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে ইট নিক্ষেপের ঘটনা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার রাত পর্যন্ত ইটের টুকরা কীভাবে নিরাপত্তা গাড়িতে আঘাত করেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
এদিকে ঘটনাটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বরিশাল সফর উপলক্ষে মহাসড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। সকাল সাড়ে ৮টার পর গাড়িবহরটি সাধুর ব্রিজ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসটি অতিক্রম করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি গাড়ির সামনের উইন্ডশিল্ডে একটি ইটের টুকরা এসে লাগে। সে সময় প্রধানমন্ত্রীর বাসের সামনে ও পেছনে একাধিক নিরাপত্তা যানবাহন ছিল।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর আলম বলেন, কে বা কারা ইটের টুকরা নিক্ষেপ করেছে, তা শনাক্তে অভিযান চলছে। তিনি জানান, এটি ইচ্ছাকৃতভাবে ছোড়া হয়েছে নাকি কোনো যানবাহনের চাকার আঘাতে ইটের টুকরা ছিটকে এসে নিরাপত্তা গাড়িতে লেগেছে—এ মুহূর্তে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
