জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র-এর সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থ, অভিন্ন লক্ষ্য ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে।
শনিবার (৪ জুলাই) মার্কিন দূতাবাস, ঢাকা আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা দুই দেশের গভীর অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ উদাহরণ। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সহযোগিতা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক অঙ্গীকার বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কার্যকর অবদান রাখবে।
