জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘরটি খুলে নেবে এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করবে।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, ১ জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এ সময় ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হবে। তিনি গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১ হাজার ৪০০ শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, আলেম, নারী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদানের কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও বিচার, সংস্কার এবং বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের প্রত্যাশিত ন্যায়বিচার নিশ্চিত হয়নি। হাসানুল হক ইনুকে দেওয়া সাজাকে অপর্যাপ্ত উল্লেখ করে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশার কথাও জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মাত্র দুটি মামলার রায় হয়েছে এবং তদন্ত ও প্রতিবেদন দাখিলের প্রক্রিয়ায় ধীরগতি রয়েছে। তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের, বিশেষ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।
