কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে যাওয়ায় এক কৃষককে প্রায় এক ঘণ্টা আটক রাখার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২৯ জুন) কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের সোহরাব সরদারের ছেলে মহসিন উদ্দীন নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। এর ধারাবাহিকতায় সোমবার এলাকার ছয়জন ব্যক্তির জন্য ঢেউটিন সহায়তার আবেদন নিয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছে যান। এ সময় ইউএনও তাকে ‘দালাল’ সম্বোধন করে আটকের নির্দেশ দেন। পরে তাকে প্রায় এক ঘণ্টা উপজেলা পরিষদে আটক রাখা হয়। পরবর্তীতে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে মহসিন উদ্দীন বলেন, “ঢেউটিনের জন্য আবেদন নিয়ে ইউএনও স্যারের কাছে গিয়েছিলাম। তিনি দেখে বলেন, ‘এই দালাল ধরা পড়েছে।’ এরপর মুখে যা আসে তাই বলেন। ‘দালালকে এখন থানায় দিতে হবে। আর কী কী কাগজ আছে, সব বের করেন’—এভাবে বলে আমাকে আটকে রাখেন।”
তিনি আরও বলেন, “আমি আমার এলাকার মানুষের জন্য আবেদন করেছি এবং যাদের নামে আবেদন করেছি, তারা সবাই এ বিষয়ে জানেন। এ সময় আমার ফোন কেড়ে নেওয়া হয়। এরপর আমাকে প্রায় এক ঘণ্টা আটক রেখে ৫০০ টাকা জরিমানা করা হয়।”
এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, “তিনি টিনের জন্য আবেদন করেছেন। তার কাছে প্রায় সাত-আটটি টিনের আবেদন পাওয়া যায়। পরে কিছুটা সন্দেহ হওয়ায় তার একটি ব্যাগ তল্লাশি করা হয়। সেখানে বিভিন্ন দপ্তরের সেবা পেতে পারেন—এমন অনেক মানুষের বিভিন্ন ধরনের কাগজপত্র পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে দেখা যায়, তিনি বিভিন্ন মানুষের পক্ষ থেকে এসব কাগজ নিয়ে এসে তদবির করেন। এ অপরাধে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”
আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, “আমরা যখন কাউকে মোবাইল কোর্টের আওতায় আনি, তখন এত বিস্তারিত যাচাই-বাছাই করার সুযোগ থাকে না।”
ফোন কেড়ে নেওয়া এবং আটক রাখার বিষয়ে তিনি বলেন, “ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটেনি। তাকে আমার হেফাজতে নেওয়া হয়েছিল।”
