মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর এক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হয়, তবে তা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রাপ্য হবে।
মঙ্গলবার (২ জুন) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শওকতুল ইসলাম শকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত দেশের জন্য কাজ করছেন। তার পরিশ্রম ও নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, মাঝে মাঝে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়—যদি কোনো কারণে তাকে হারাতে হয়, তাহলে তারা অভিভাবকহীন হয়ে পড়বেন। তিনি আরও দাবি করেন, তারেক রহমান শুধু বাংলাদেশের নয়, বিশ্বপর্যায়ের একজন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এমপি শকুর ভাষায়, “বিশ্বে যদি কাউকে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি পাবেন।”
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনুসহ স্থানীয় নেতারা।
