জামায়াতে ইসলামীর স্বাধীনতাবিরোধী ভূমিকার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের আগে তারা খুব ঢাকঢোল পেটালো ক্ষমতায় এসে গেছে। এদেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ এই জামায়াতে ইসলাম আমাদের স্বাধীনতা বিরোধী ছিলো, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলো। আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।
বুধবার (২০ মে) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির সংস্কার কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপিই দেশে রাজনৈতিক সংস্কারের সূচনা করেছিল। বেগম খালেদা জিয়া ২০১৬ সালে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছিলেন এবং পরবর্তীতে দল ৩১ দফা সংস্কার প্রস্তাবও দেয়। বিএনপি সংস্কারবিরোধী—এমন অভিযোগকে তিনি ‘মিথ্যাচার’ বলে আখ্যা দেন।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যে পরিকল্পনার কথা বলেছিলেন, সরকার ইতোমধ্যে তা বাস্তবায়নে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। তিনি জানান, তারেক রহমান ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ও সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ স্থানীয় নেতারা।
