আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, চাহিদার তুলনায় দেশে প্রায় ২৩ লাখ গবাদি পশু অতিরিক্ত রয়েছে। তাই পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো পশু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) সন্ধ্যায় বগুড়া শহরের জয়পুরপাড়ায় নবনির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খাদ্য নিরাপত্তা বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও মানসম্মত মাংস নিশ্চিত করতেই আধুনিক কসাইখানা স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে এই কসাইখানায় মাংস প্রক্রিয়াজাত করা হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
