ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ইডেন মহিলা কলেজে ছাত্রদলের নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে ছাত্ররাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে।
শনিবার (৯ মে) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে তিনি বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক মতপ্রকাশের অধিকার শিক্ষার্থীদের মৌলিক অধিকার। কিন্তু একটি পক্ষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে মব তৈরি করে ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
নাছির উদ্দীন দাবি করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, শিবিরের ‘গুপ্ত শাখার’ কর্মীরা ছাত্ররাজনীতি বন্ধের উদ্দেশ্যে মব সৃষ্টি করেছিল এবং পরবর্তীতে ওই ব্যক্তিদের কেউ কেউ সংগঠনটির নেতৃত্বে আসে। শিবির গুপ্ত রাজনীতির করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে।
পোস্টে তিতুমীর কলেজের একটি ঘটনার উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, সেখানে রাতের বেলা গেট ভেঙে মব তৈরি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়। পরে ওই ঘটনার সঙ্গে জড়িত একজনকে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি।
ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাছির বলেন, একই কৌশলে ইডেন কলেজেও ছাত্রদল ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, দ্রুত এসব ‘মব সন্ত্রাস’ ও হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
একই সঙ্গে কলেজ প্রশাসনের প্রতি সব শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান নাছির উদ্দীন নাছির।
