পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে একাধিক নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ওভারটাইম ভাতা চালুর পাশাপাশি অবসরের আগে বিশেষ পদোন্নতির সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে সরকার।
রোববার (১০ মে) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় এ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এর আগে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কনস্টেবল থেকে শুরু করে পরিদর্শক (ইন্সপেক্টর) পদ পর্যন্ত যেসব পুলিশ সদস্য অতিরিক্ত সময় দায়িত্ব পালন করবেন, তাদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়েও বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের পুলিশ হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উন্নত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবার জন্য নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ ছাড়া দীর্ঘদিন একই পদে চাকরি করে অবসরে যাওয়া সদস্যদের জন্য ‘অনারারি পদোন্নতি’ চালুর সিদ্ধান্তের কথাও জানানো হয়। সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে কনস্টেবলদের অনারারি এএসআই, এএসআইদের অনারারি এসআই এবং এসআইদের অনারারি পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
