কুষ্টিয়া সরকারি কলেজে আয়োজিত আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
সংসদ সদস্য আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, “কুষ্টিয়া সরকারি কলেজ পরিদর্শনকালে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা।”
কলেজ সূত্রে জানা যায়, সকালে প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে আয়োজিত আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আমির হামজা। অনুষ্ঠান চলাকালে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরে তিনি মাঠে প্রবেশ করলে বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে স্লোগান অব্যাহত রাখেন এবং মাঠের মধ্যেই বসে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। তবে সেখানেও শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশি উপস্থিতিতে আমির হামজা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলছে, ক্যাম্পাসের গাছ কাটা নিয়ে তারা মানববন্ধন করছিলেন। এ সময় আমির হামজা তাদের তালিকা করে দেখে নেওয়ার হুমকি দেন। এরপরই এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখানে আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখেছেন বলে জানান তিনি। তবে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেন ওসি।
