বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজেদের ‘মুক্তিযুদ্ধের দল’ হিসেবে যে দাবি করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে পরিচয় দেয়। কিন্তু দলটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, যেখানে দেশের মুক্তিযুদ্ধ সংঘটিত হয় ১৯৭১ সালে। তার মতে, এই প্রেক্ষাপটে বিএনপির এমন দাবি কতটা যুক্তিসঙ্গত—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছে, বিশেষ করে নারী নেত্রীদের অংশগ্রহণ রয়েছে। তবে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে তিনি সমালোচনা করেন। তার অভিযোগ, গোপালগঞ্জের কাশিয়ানী থানার এক আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেত্রীকে বিএনপি মনোনয়ন দিয়েছে, যা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, এটি কি বিএনপির দুর্বলতার পরিচয়, নাকি তারা উপযুক্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না—নাকি অন্য কোনো শক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এসব প্রশ্নের উত্তর বিএনপিকেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলেও তারা মূলত জান্নাতের উদ্দেশ্যেই আন্দোলন করছে। তিনি প্রশ্ন রাখেন, অন্যরা কি জান্নাতে যেতে চায় না।
দেশইনসাইডার/আইএমআর
